এবারের কোপা আমেরিকায় ভিন্ন এক লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। চেহারা ও
নৈপুণ্য দু’টিতেই এসেছে ভিন্নতা। এক গাল লালচে দাড়ি নিয়ে খেলছেন তিনি।
প্রথম দিকে মনে করা হচ্ছিল, কয়েকদিনের মধ্যে দাড়ি কেটে ফেলবেন। কিন্তু দিনে
তার দাড়ি বেড়েই চলেছে, সঙ্গে নৈপুন্যও।-মানবজমিন।
আর্জেন্টিনার হয়ে
এতদিন তার ছিল বহুত বদনাম। ক্লাবের হয়ে গোলের ফোয়ারা ছুটিয়ে দেশের হয়ে
খেলতে গেলে হয়ে যেতেন মলিন। কিন্তু এবারের কোপা আমেরিকায় ভিন্ন
‘আর্জেন্টাইন’ মেসি। ইনজুরির কারণে গ্রুপপর্বের প্রথম ম্যাচ খেলতে পারেননি।
কিন্তু নিজের প্রথম ম্যাচে নেমেই হ্যাটিট্রিক। চার ম্যাচ খেলে তিনটিতেই
হয়েছেন সেরা খেলোয়াড়। ৫ গোলের পাশাপাশি চারটিতে করেছেন অ্যাসিস্ট। এতে
গতবারের ফাইনালিস্ট আর্জেন্টিনাকে এবারও তুলেছেন ফাইনালে। অনেকে মনে করছেন,
আর্জেন্টিনার হয়ে মেসির এমন সাফল্যের রহস্য দাড়ি। এই সংস্কার মেনেই মেসি
আর দাড়ি কাটছেন না। সমর্থকরাও মেসিকে এবার দাড়িহীন দেখতে চাইছে না।
তাদের শঙ্কা- দাড়ি কাটলেই মেসির ফর্ম পড়ে যাবে। শুধু সমর্থক-ই নয় মেসির
জাতীয় দলের সতীর্থরাও তাকে দাড়ি কাটতে দিচ্ছেন না। বিষয়টি নিজেই জানালেন
মেসি। দাড়ি কাটলে সতীর্থরা তাকে ‘খুন’ করার হুমকি দিয়েছেন বলে মজা করে
ক’দিন আগে তিনি জানান। মেসিকে দেখে তার অনুসারীরাও এখন দাড়ি রাখতে শুরু
করেছেন। আর্জেন্টিনার খেলা দেখতে স্টেডিয়ামে নকল দাড়ি লাগিয়ে আসতে দেখা
গেছে অনেককে। এমন কি আর্জেন্টিনার সাংবাদিক ও ফুটবল ফেডারেশনের অনেককে
মেসির মতো দাড়ি রাখতে শুরু করেছেন। আর্জেন্টিনার ফুটবল দলের অনেকেও দাড়ি
রাখতে শুরু করেছেন।
সার্জিও আগুয়েরো নিজেই তো সেটা জানালেন, ‘লিওকে দেখে আমরা অনেকেই দাড়ি
রাখতে শুরু করেছি। লিও একদিন বলল, দাড়ি রেখে দেখা যাক কী হয়। তার সঙ্গে
দাড়ি রাখাটা আমরাও নিয়ম করে ফেলেছি।’ মেসির দাড়ি নিয়ে এত কাহিনী হলেও তার
দাড়ি রাখার শুরুটা কীভাবে হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
তবে মেসির ঘনিষ্ঠমহল সংবাদমাধ্যকে জানালো মেসির দাড়ি রাখার রহস্য। ১৪
এপ্রিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে
বিদায় নেয় মেসির বার্সেলোনা। কাতালানদের ওই বিপর্যয়ে মানসিকভাবে ভেঙে পড়েন
লিওলেন মেসি।
সেদিন মেসির নৈপুণ্য তেমন চোখে পড়ার মতো ছিল না। সে রাতে মেসি খুবই মন
খারাপ করে ঘুমান। সকালে ঘুম থেকে জেগে দুঃখভারাক্রান্ত মনে আর দাড়ি
কামাননি। পরের দিনও কামাননি।
তারপর মেসির কাছের কেউ নাকি তাকে বলেন যে, তাকে দেখতে সুন্দর লাগছে। সেই
শুরু। মেসির ঘনিষ্ঠমহল তার দাড়ি রাখার পেছনে এই চমকপ্রদ গল্প শোনালো। তবে
গল্পটা যা-ই হোক, দাড়িতে কোপা আমেরিকায় সাফল্য পাচ্ছেন মেসি। ভক্তরা
চাচ্ছেন, এই দাড়ি রেখেই মেসি এবার কোপা আমেরিকা শেষ করুক। এই দাড়ি রেখে যদি
এবার মেসি কোপা আমেরিকার শিরোপা জিতে নেন তাহলে কী হবে? ২০১৮ বিশ্বকাপেও
কি তিনি দাড়ি রেখে খেলবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা তো ইতিমধ্যে সেই দাবি করে বসেছেন। তবে
মেসিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হাসতে হাসতে বললেন, ‘এটা অনেকেই বলছে,
রাশিয়াতেও নাকি আমার মুখে দাড়ি দেখা যাবে। না, তা থাকবে না।’
