কোপা আমেরিকার শত বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসেছে জনপ্রিয় এই
ফুটবল টুর্নামেন্টের শতবর্ষের আসর। ফাইনালে উঠার লড়াইয়ে প্রথম সেমি-ফাইনালে
বাধুবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং গতবারের ফাইনালিস্ট
আর্জেন্টিনা।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল আটটা হিউস্টনে মুখোমুখি হবে
দুই দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ লড়াই কঠিন হবে বলে মনে করছে আর্জেন্টিনা
অধিনায়ক লিওনেল মেসি। আত্মবিশ্বাসের কমতি না থাকলেও ফাইনালে ওঠার লড়াইটা
সহজ হবে না বলে মনে করছেন তিনি।
মেসি বলেন, ‘যুক্তরাষ্ট্র আক্রমণের চেষ্টা করবে, তারা খুব কঠিন দল। এখন
পর্যন্ত আমরা যা করে এসেছি আমাদের সেটাই করতে হবে। আমরা উন্নতি করছি এবং
এভাবেই আমরা এগিয়ে যাব।’
এদিকে এ ম্যাচের আগে মেসি বা আর্জেন্টিনায় ভীত নয় যুক্তরাষ্ট্র, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান।
‘গতকাল অনুশীলন শুরুর আগে আমি ছেলেদের বলেছি-জীবনে এ সুযোগ একবারই
আসে। তোমরা সেমি-ফাইনালে উঠে নিজেদের গর্বিত করেছো; কিন্তু এখন আরও বেশি
কিছুর জন্য খেলো।’
আমরা কামড় বসাতে ও লড়তে প্রস্তুত; তাদের তাড়া করতে এবং ভালো করে সামলাতে
প্রস্তুত। যদি আমরা এটা আবার করতে এবং তাতে বাড়তি কিছু যোগ করতে পারি,
তাহলে এটা মজার (ম্যাচ) হতে যাচ্ছে। বলে জানান আয়োজক দেশটির কোচ।
