ব্লগার অভিজিৎ রায়ের ‘হত্যাকারী’ শরীফুল ইসলাম শরীফ সাকিব ওরফে হাদির
ক্রসফায়ার নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ রায়ের পিতা অধ্যাপক অজয় রায়।
গতকাল তিনি বলেছেন, কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা
আমাকে বলেছেন অভিজিতের হত্যাকারী তিন জন দেশের বাইরে চলে গেছে। হঠাৎ তারা
আভির্ভূত হলো কি করে? প্রশ্ন রেখে তিনি বলেন, ক্রসফায়ার যেভাবে অগ্রসর
হচ্ছে এভাবে যদি অপরাধীরা ক্রসফায়ারে নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি
আস্থা থাকবে না। সরকারের প্রতিও আস্থা ক্ষীণ হয়ে আসছে বলে মন্তব্য করেন
তিনি।
গতকাল রাতে এ বিষয়ে তিনি বলেন, শরীফকে জীবন্ত ধরতে পারলে
অভিজিৎ হত্যাকাণ্ড সম্পর্কে অনেক তথ্য পাওয়া যেত। তিনি বলেন, পুলিশ আগে
বলেছিল তিন খুনি বিদেশে পালিয়ে গেছে। এখন বলছে একজন ক্রসফায়ারে মারা গেছে।
আসলে এদের বক্তব্যের কোনো ঠিক নেই।
গত শনিবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)’র সঙ্গে
‘বন্দুকযুদ্ধে’ শরীফ নামে একজন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি দাবি করেছে, লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যকাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ
করেছিল শরীফ।
